গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ উপাচার্য (ভিসি) নিয়োগকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রবিবার (১৭ মে) সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষার্থী, শিক্ষক ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে পুরো ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়। এতে অন্তত কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের অভিযোগ, সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এ সময় হঠাৎ উত্তেজনা সৃষ্টি হলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। শিক্ষার্থীদের দাবি, বহিরাগত কিছু ব্যক্তি ক্যাম্পাসে প্রবেশ করে তাদের ওপর হামলা চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ড. মোহাম্মদ ইকবাল-কে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়। তবে প্রজ্ঞাপন জারির পর থেকেই এ নিয়োগ প্রত্যাখ্যান করে আসছেন বিশ্ববিদ্যালয়ের একাংশের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ডুয়েটের মতো বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব এমন কাউকে দিতে হবে, যিনি প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা, একাডেমিক কাঠামো, শিক্ষার্থীদের বাস্তবতা এবং প্রশাসনিক জটিলতা সম্পর্কে সরাসরি অভিজ্ঞ।
শিক্ষার্থীরা বলছেন, ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া উচিত। তাদের মতে, অভ্যন্তরীণ শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং চলমান সমস্যাগুলোর কার্যকর সমাধানে অধিক সক্ষম হবেন। এই দাবিতে গত বৃহস্পতিবার রাত থেকেই শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন এবং ক্যাম্পাসে বিক্ষোভ, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে শিক্ষার্থীরা নবনিযুক্ত উপাচার্যকে ‘লাল কার্ড’ প্রদর্শনের কর্মসূচি পালন করেন। পরে তারা শহীদ মিনার এলাকায় জড়ো হলে উত্তেজনা বৃদ্ধি পায় এবং সংঘর্ষের সূত্রপাত ঘটে। সংঘর্ষ চলাকালে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনাও ঘটে বলে জানা গেছে।
গাজীপুর সদর থানা ওসি আমিনুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে। যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সতর্ক নজর রাখা হচ্ছে।”
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









