ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে গিয়ে স্পিডবোট দুর্ঘটনার শিকার হয়েছে উপজেলা প্রশাসন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও সামাজিক সংগঠন 'ভলান্টিয়ার্স অব নলছিটি'র একটি যৌথ দল। এই দুর্ঘটনায় নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুন্ডুসহ বোট চালক, আনসার সদস্য এবং বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে নলছিটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের অনুরাগ এলাকার কংশা দিঘীরপাড়ে এমএমআর ব্রিক্স (ইটের ভাটা) সংলগ্ন সুগন্ধা নদীর তীরে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে সুগন্ধা নদীতে নিয়মিত টহল দিচ্ছিল উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের সমন্বিত দলটি। রাত সাড়ে আটটার দিকে স্পিডবোটটি কংশা দিঘীরপাড় এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীর তীরে রাখা ইটের স্তূপের ওপর উঠে যায়।
এতে প্রচণ্ড আঘাতে স্পিডবোটে থাকা নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুন্ডু, ভলান্টিয়ার্স অব নলছিটির আহ্বায়ক শাহাদাত আলম ফকির, রেড ক্রিসেন্টের সদস্য জিসান মাহমুদ, স্বেচ্ছাসেবী খান মোহাম্মদ মিল্লাত, সিপাত, রায়হানসহ ডিউটিরত আনসার সদস্য ও স্পিডবোট চালক আশরাফুল গুরুতর আঘাত পান।
ঘটনার পরপরই স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইলিয়াস জানান, হাসপাতালে আনার পর ইউএনওসহ সবাইকে জরুরি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে স্পিডবোট চালক আশরাফুলের মাথায় ও শরীরে আঘাত গুরুতর হওয়ায় এবং এক আনসার সদস্যের অবস্থার অবনতি ঘটায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসন ও স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন জানান, সুগন্ধা নদীতে মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে টহল দেয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে আহতদের চিকিৎসার সার্বিক তদারকি করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








