একঝাঁক তরুণ প্রাণের আন্তরিক প্রচেষ্টায় ঠাকুরগাঁও সদর উপজেলার দক্ষিণ শোল্টহরি, ভুল্লীতে আত্মপ্রকাশ করেছে নতুন সামাজিক সংগঠন "ক্যানভাস"। শনিবার (১৭ অক্টোবর) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এর শুভ উদ্বোধন করা হয়।
ক্যানভাসের প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব এম এ ইসলাম আব্দুল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক জনাব মো. আফতাব উদ্দীন। এ ছাড়া অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনটির কার্যক্রম শুরু হয়। ফিতা কেটে অস্থায়ী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধনের পর পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে বিভিন্ন ফলজ গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে স্থানীয় ৫০ জন মানুষের বিনামূল্যে ডায়াবেটিস এবং ৯০ জন মানুষের রক্তচাপ পরীক্ষা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৪ নং দেবীপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম ও অন্যান্য নেতাকর্মী, ৪ নং দেবীপুর ইউনিয়ন বিএনপির ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. তোয়াবুর রহমান এবং ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. জয়নাল আবেদীন।
উপস্থিত বক্তারা নতুন এই সামাজিক সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমে তরুণদের পাশে থাকার আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের সাফল্য কামনায় ক্যানভাস সংগঠনের হাতে ভলিবল উপহার তুলে দেন বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. আফতাব উদ্দীন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








