কক্সবাজারের ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার ‘টুপটুপ রেস্তো অ্যান্ড রিসোর্ট’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ মর্মান্তিক দুর্ঘটনায় শিশুসহ ছয়জন পর্যটকের মৃত্যু হয়েছে। আগুনে সম্পূর্ণ বাঁশ-কাঠের তৈরি তিন তলাবিশিষ্ট রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন দগ্ধসহ ছয়জন আহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে রিসোর্টটিতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৭টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে রওনা হন এবং সকাল ৮টার দিকে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। পরে রিসোর্টের ভেতর থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ছয়জনের পরিচয় নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। তাঁরা হলেন—ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭) এবং চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) ও শিশু ফায়িজান আহম্মেদ (৫)।
আহতদের মধ্যে পাঁচজন দগ্ধ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁরা হলেন—মুগধা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তার স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০) ও মাসুদ (৩০)। এছাড়া সামিদা (৩২) নামের অপর একজন পড়ে গিয়ে আহত হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সবুক্তগীন মাহমুদ সোহেল জানান, আহতদের মধ্যে পাঁচজনের প্রায় পাঁচ শতাংশ পুড়ে গেছে এবং তাঁদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, রিসোর্টটির তিনটি তলাই কাঠের তৈরি ছিল, যার কারণে আগুন দ্রুত পুরো স্থাপনায় ছড়িয়ে পড়ে এবং পুরো কাঠামোটি ভস্মীভূত হয়ে যায়।
এদিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান মজুমদার জানান, কক্সবাজার শহরের কলাতলী থেকে প্রায় ২৯ কিলোমিটার দূরে পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত এই রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের অনেককে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ওই সময় রিসোর্টে মোট কতজন পর্যটক বা অতিথি অবস্থান করছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার কারণ উদঘাটন ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









