বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) আগামী ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব টেক্সটাইল মিল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। সুতা উৎপাদনকারী মিলগুলো রক্ষায় সরকারের দৃশ্যমান কোনো ‘কার্যকর পদক্ষেপ’ না থাকার অভিযোগ তুলে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে বিটিএমএ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে সভাপতি শওকত আজিজ রাসেল এই ঘোষণা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে শওকত আজিজ রাসেল বলেন, ‘আগামী ১ তারিখ থেকেই ফ্যাক্টরি বন্ধ। আমরা বন্ধ তো করবই, ব্যাংকের টাকা ফেরত দেওয়ার সক্ষমতা নেই।’
মালিকদের বর্তমান আর্থিক দুরবস্থার চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের পুঁজি অর্ধেক হয়ে গেছে। ব্যাংকের টাকা পরিশোধের কোনো ব্যবস্থা নেই। সব সম্পত্তি বিক্রি করে দিলেও শোধ করা যাবে না।’
বিটিএমএ সভাপতি অভিযোগ করে জানিয়েছেন, সমস্যা সমাধানে সরকারি দপ্তরে ঘুরেও কোনো সুরাহা মেলেনি।
আমলাতান্ত্রিক জটিলতার প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘সব মন্ত্রণালয়ের সব ডিপার্টমেন্টের কাছে গিয়েছি। তারা কেবল পিলো পাসিংয়ের মতো দায়িত্ব অন্যদের কাছে দিয়ে দিচ্ছে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









