রাজধানীর সচিবালয়ের সামনে প্রতীকীভাবে ভাতের হোটেল চালু করে বিক্ষোভ কর্মসূচি পালনকালে ‘ঢাকা বাঁচাও’ সংগঠনের সভাপতি সোহানী শিফাকে আটক করেছে পুলিশ। প্রায় দুই ঘণ্টা পর মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
রবিবার (৫ জুলাই) দুপুরে সচিবালয়ের সামনে এ ঘটনা ঘটে। আটকের একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজধানীর বিভিন্ন মেট্রোরেল স্টেশনের আশপাশের সড়ক ও ফুটপাত হকারমুক্ত করার দাবিতে কয়েক দিন ধরে সরব ছিলেন সোহানী শিফা। সেই আন্দোলনের অংশ হিসেবে তিনি সচিবালয়ের সামনে অস্থায়ীভাবে একটি ভাতের হোটেল চালু করেন।
এর আগে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, ফুটপাত ও সড়ক দখলের প্রতিবাদে রোববার থেকে সচিবালয়ের সামনে ভাতের হোটেল চালু করবেন। সেখানে ১০ টাকায় ভাত, ডাল ও আলুভর্তা দেওয়ার ঘোষণাও দেন তিনি।
ঘোষণা অনুযায়ী, রবিবার দুপুরে দিকে ভাত বিক্রি শুরু করলে শাহবাগ থানা পুলিশ তাকে ভ্যানসহ আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, ফুটপাতে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা খাবার বিক্রি হচ্ছিল। জনস্বার্থে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









