রাজধানীর ডেমরার পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পূর্ব পুলিশ লাইনসে সাইদুল ইসলাম (২১) নামে এক পুলিশ কনস্টেবলের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) ভোরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সাইদুল ইসলাম ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামের মো. সাদেকের ছেলে। মাত্র নয় মাস আগে তিনি পুলিশ কনস্টেবল হিসেবে চাকরিতে যোগ দেন।
পুলিশ জানায়, পিওএম ভবনের সপ্তম তলার একটি কক্ষে আরও কয়েকজন সদস্যের সঙ্গে থাকতেন সাইদুল। তবে ঘটনার সময় তিনি কক্ষে একাই ছিলেন।
বৃহস্পতিবার (৬ জুলাই) দিবাগত রাতে কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে সহকর্মীরা বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পরে পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে সিলিং ফ্যানের সঙ্গে চাদর পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
পুলিশের এক কর্মকর্তা জানান, ঘটনাস্থলের আলামত ও পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
নিহতের চাচা মো. সোহাগ জানান, পারিবারিক কলহের কারণে সাইদুল কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং বিষণ্নতায় ভুগছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









