জনস্বার্থ বিবেচনা করে সরকার ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একটি কল্যাণমূলক রাষ্ট্র তৈরি করতে চান এবং এই লক্ষ্য অর্জনে দেশের সকল স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।”
শুক্রবার (১৭ জুলাই) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্প্রে মেশিন, নলকূপ, সেলাই মেশিন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও উঁচু-নিচু বেঞ্চ বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যুৎ খাতের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, “আমরা ১০ হাজার মেগাওয়াট সোলার (সৌরবিদ্যুৎ) উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছি। দেশের প্রতিটি বাড়ির ছাদে ছাদে সোলার দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”
নতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষকদের সুশিক্ষা নিশ্চিত করতে হবে এবং অভিভাবকদের সন্তানের প্রতি সার্বক্ষণিক খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধূলায় মনোনিবেশ করার এবং কৃষকরা যাতে উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পায়, সেদিকে সবাইকে নজর রাখার আহ্বান জানান তিনি।”
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মামুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু এবং সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, আলহাজ্ব মোঃ আব্দুল কাদের সেখ, খ.ম. রকিবুল হাসান রতন, যুগ্ম-সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, জেলা জিয়া পরিষদের সভাপতি মোঃ আবু হাসিম তালুকদার এবং সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার রফিকুল ইসলাম রফিক।
এ ছাড়াও বহুলী ইউপি চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন সেখ, কাওয়াকোলা ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, কালিয়াহরিপুর ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ রিমন হাসান, খোকসাবাড়ী ইউপি প্যানেল চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মান্নান, ভিক্টোরিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম, হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ হেল অফি, সদর উপজেলা কৃষি অফিসার এস.এম. নাসিম হোসেন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে, অনুষ্ঠানের শুরুতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত প্রশাসনিক ভবন (সম্প্রসারিত) ও হলরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









