মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে জর্ডানে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তাদের দাবি, হামলায় একাধিক মার্কিন সামরিক বিমান ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
শুক্রবার (১৭ জুলাই) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, আগের রাতে যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবে জর্ডানে মোতায়েন থাকা মার্কিন সামরিক বিমানগুলোকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে আইআরজিসি।
এক বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, হামলায় কয়েকটি মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান ও যুদ্ধবিমান ধ্বংস হয়েছে এবং আরও কয়েকটি বিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে জর্ডানে থাকা ‘আমেরিকান স্বার্থের’ বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছে তারা।
তবে টাইমস অব ইসরায়েল জানায়, আইআরজিসির এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে জর্ডান বা মার্কিন সামরিক বাহিনীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বা হামলার দাবির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এর আগে জর্ডান জানিয়েছিল, তাদের আকাশসীমা লক্ষ্য করে ছোড়া তিনটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। দেশটির দাবি, এতে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বিভিন্ন এলাকায় সেতু, রেলস্টেশন, বিমানবন্দর ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের সংবাদমাধ্যমগুলোও একাধিক স্থাপনায় হামলার খবর প্রকাশ করেছে।
মধ্যপ্রাচ্যের চলমান এই সংঘাতের মধ্যে উভয় পক্ষের পাল্টাপাল্টি দাবির অনেক তথ্যই এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









