রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে লাভ রোড-মন্দির রোড এলাকায় টিসিবির পণ্য বিক্রির সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন নাছিমা বেগম। তিনি মিরপুরের জনতা হাউজিং এলাকার বাসিন্দা। অপর নিহত ব্যক্তি প্রায় ৪০ বছর বয়সী এক পুরুষ। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির পণ্য সংগ্রহের জন্য কলেজের দেয়ালের পাশে দীর্ঘ লাইনে সাধারণ মানুষ দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ করেই কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে পড়ে। এতে কয়েকজন নারী-পুরুষ দেয়ালের নিচে চাপা পড়েন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। নাছিমা বেগমকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক পুরুষকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে একজন নারী গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক সরকার বলেন, “দেয়াল ধসে ফুটপাতে থাকা সাত থেকে আটজন চাপা পড়েছিলেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়। তবে নিহতরা টিসিবির পণ্য সংগ্রহের জন্য লাইনে ছিলেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”
তিনি আরও বলেন, “টিসিবির পণ্য সড়কে বিক্রি হচ্ছিল। ওই এলাকায় একদিকে পণ্য সংগ্রহের জন্য মানুষের ভিড় ছিল, অন্যদিকে ফুটপাত দিয়েও সাধারণ মানুষের চলাচল চলছিল। দেয়াল ধসে ফুটপাতে থাকা দুজনের মৃত্যু হয়েছে। তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ ও নিহতদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









