সবুজ পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছে জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর।
সোমবার (৩ আগস্ট) সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হয়।
বিদ্যালয়ের খেলার মাঠের চারপাশে আম, কাঁঠাল, কৃষ্ণচূড়া, কামরাঙা, সেগুন, আমড়াসহ বিভিন্ন জাতের ফলদ, বনজ গাছের চারা রোপণ কর্মসূচিতে অংশ নেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ খেলাঘর সংগঠকরা।
কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শামছ উদ্দিন। এতে অংশ নেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উম্মে ছায়মা খানম ও রেজাউল কবির, খেলাঘরের সাধারণ সম্পাদক প্রণয় সাহা, সভাপতিমণ্ডলীর সদস্য হান্নান চৌধুরী, সম্পাদকমণ্ডলীর সদস্য সাংবাদিক রাজন ভট্টাচার্য ও শিল্পী রহমান এবং খেলাঘর জাতীয় পরিষদ সদস্য সাইফুদ্দিন শোভন।
২৭ জুলাই শান্তিবাগ উচ্চ বিদ্যালয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে কেন্দ্রীয় খেলাঘর আসর।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









