ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকার সার্বিক পরিস্থিতি দেখতে বিভাগীয় প্রধানদের নিয়ে মিনি বাসে করে নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
শনিবার (৮ আগস্ট) উত্তরার নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধনের পর তিনি বিভাগীয় প্রধানদের সঙ্গে নিয়ে এই পরিদর্শনে বের হন।
পরিদর্শনকালে উত্তরা সেন্টার, দিয়াবাড়ী মেট্রোরেল, ডিএনসিসির মিয়াকো বন, ক্যান্টনমেন্ট, মিরপুর-১২, পল্লবী, কালশী, ইসিবি চত্বর, বনানী, কাকলী, মহাখালী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের এলাকা, ফার্মগেট, কাওরান বাজার, বাংলামোটর, হোটেল সোনারগাঁও, আসাদগেট, মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবন এলাকা ঘুরে দেখেন প্রশাসক।
এ সময় উত্তরার মেট্রোরেল, দিয়াবাড়ী খাল, মিয়াকো বন, ডিএনসিসির সেন্টার পয়েন্ট নার্সারি বন এবং সংসদ ভবন এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন তিনি। পাশাপাশি মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে বৃক্ষরোপণের পরিকল্পনা ও বাস্তবায়ন পদ্ধতিও পর্যালোচনা করেন। এসব উন্নয়নমূলক কাজ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রশাসক।
পরিদর্শনের সময় বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে পড়ে থাকা ময়লা-আবর্জনা দেখে অসন্তোষ প্রকাশ করেন মো. শফিকুল ইসলাম খান। পরিচ্ছন্ন ঢাকা গড়তে নগরবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়েও সংশ্লিষ্টদের পরামর্শ দেন প্রশাসক।
ডিএনসিসির আওতাধীন খালি জায়গাগুলোতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের মাধ্যমে ‘গ্রিন ঢাকা’ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। এ বিষয়ে পরিবেশ বিভাগের প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া ডিএনসিসির বিভিন্ন এলাকার সমস্যা চিহ্নিত করে আলাদা আলাদা টিম গঠন এবং দ্রুত সেসব সমস্যা সমাধানের নির্দেশ দেন প্রশাসক।
পরিদর্শনকালে ডিএনসিসির মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য কর্মকর্তা কমোডর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান, প্রশাসকের পিএস মোহাম্মদ আব্দুল্লাহ, প্রধান নগর পরিকল্পনাবিদ এস এম শফিকুর রহমান, জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেমসহ ডিএনসিসির বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









