বাংলাদেশ বিমান বাহিনীর ১৩২ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের (জেসিএসসি) সনদপত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের সনদপত্র ও ট্রফি দেন। কোর্সে সেরা নৈপূণ্যের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট হাসিন তানভীরকে বিমান বাহিনী প্রধানের ট্রফি দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি কোর্সে উত্তীর্ণ সকল কর্মকর্তাগণকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
উল্লেখ্য, এ কোর্সে দেশ ও বিদেশের বিমান বাহিনীর ৫৮ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণকে তাদের অর্জিত কর্মলব্ধ জ্ঞান দ্বারা সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ে কমান্ড, স্টাফ এবং নির্দেশমূলক দায়িত্ব পালনে পারদর্শী করে তুলতে এই কোর্সটি বিশেষভাবে সজ্জিত করা হয়।
সমাপনী অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার এর এয়ার অধিনায়ক, বিমান সদরসহ অত্র ঘাঁটির সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কমান্ড অ্যান্ড স্টাফ ট্রেনিং ইনস্টিটিউট (CSTI) এর প্রশিক্ষকগণ এবং কক্সবাজারের আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









