জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। সভাপতির কার্যালয়ের বিভিন্ন পদে থাকা ৪০ জনের মধ্যে জাইমাসহ ছয়জন বাংলাদেশি রয়েছেন।
জাতিসংঘ কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, জাইমা রহমান কার্যালয়ের আইনসংক্রান্ত বিষয়গুলো দেখভাল করবেন। বাংলাদেশি কূটনীতিক আব্দুল আলিম কার্যালয়ের উপপ্রধান বা ডেপুটি চিফ অব ক্যাবিনেট হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী, মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাসবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা, জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মো. রফিকুল আলম মোল্লা বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলোবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করবেন।
গত ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব নেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তার সভাপতিত্বে বৃহস্পতিবার সাধারণ পরিষদের অধিবেশনে প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান।
জাইমা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র মেয়ে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি।
আইন বিষয়ে লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন জাইমা। পরে যুক্তরাজ্যে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। ২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষাতেও উত্তীর্ণ হন তিনি।
অন্যদিকে, সভাপতির কার্যালয়ের উপপ্রধানের দায়িত্ব পাওয়া আব্দুল আলিম দীর্ঘদিন ধরে কূটনৈতিক পেশায় নিয়োজিত। এর আগে বিভিন্ন দেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনে কাজ করেছেন তিনি।
জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণ পরিষদের সভাপতি সরাসরি সংস্থাটির কর্মী নন এবং জাতিসংঘ থেকে নিয়মিত বেতন পান না। সভাপতির বেতন-ভাতা, আবাসন ও বাড়িভাড়াসহ বিভিন্ন খরচ সাধারণত তার নিজ দেশ বা সরকার বহন করে। তবে কিছু ক্ষেত্রে জাতিসংঘের নিয়মিত বাজেট ও ট্রাস্ট ফান্ড থেকেও ব্যয় নির্বাহ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









