রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগের বিপরীত পাশের একটি ময়লার ডাস্টবিন থেকে এক কন্যা নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৯ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
শাহবাগ থানা পুলিশ জানায়, নবজাতকটির বয়স আনুমানিক এক দিন। হাসপাতালের এক কর্মী ময়লা ফেলতে গিয়ে ডাস্টবিনের ভেতরে নবজাতকের লাশ দেখতে পান। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রায়হান উদ্দিন জানান, নবজাতকের লাশটি একটি প্লাস্টিকের ব্যাগের ভেতরে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ মৃত অবস্থায় শিশুটিকে ডাস্টবিনে ফেলে রেখে গেছে। তবে নবজাতকটির লাশ সেখানে কে বা কারা এবং কীভাবে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
পরে নবজাতকের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









