ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় ও মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ।
বনানী থানার এসআই নজরুল ইসলামসহ একটি দল ঘটনাস্থলে গেছেন।
শুক্রবার সকাল পৌনে ১০টায় তিনি এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেননি। কেবল বলেছেন, “আমরা কাজ করছি, পরে বিস্তারিত জানাব।”
আনুমানিক ৩৫-৪০ বছর বয়সের ওই ব্যক্তির পরনে রয়েছে সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট আর লুঙ্গি। আর মুখে স্কচটেপ মারা।
পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিরাপত্তা ক্যামেরা আছে। এর মধ্যে সেখানে কীভাবে মরদেহ এল তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির মুখে কসটেপ পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, কে বা কারা মরদেহটি এনে এক্সপ্রেসওয়েতে ফেলে রেখে গেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









