বরগুনা সদর উপজেলার ক্রোক এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ নুরু পঞ্চায়েত নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বরগুনা সদর থানার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ক্রোক এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. মঞ্জুরুল হাসান সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় নুরু পঞ্চায়েতকে আটক করে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ২০০ পিস ইয়াবার মোট ওজন ২০ গ্রাম। পুলিশের হিসাব অনুযায়ী, প্রতিটি ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩০০ টাকা হিসেবে এর মোট মূল্য প্রায় ৬০ হাজার টাকা। এছাড়া উদ্ধার হওয়া ১০০ গ্রাম গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৮ হাজার টাকা।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার নুরু পঞ্চায়েতের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









