নোয়াখালীকে পৃথক বিভাগ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে তারা শাহবাগে অবস্থান নেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে সড়ক ছেড়ে ফিরে যান তারা।
জুমার নামাজ শেষে বিকেল ৩টার দিকে চকবাজারের চক মসজিদ থেকে মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশে রওনা হন আন্দোলনকারীরা। প্রায় ৪৫ মিনিট পর মিছিলটি শাহবাগে পৌঁছালে তারা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
এ সময় নোয়াখালীকে দ্রুত পৃথক বিভাগ ঘোষণার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। তাদের দাবি, দীর্ঘদিনের এই দাবি দ্রুত বাস্তবায়ন করে নোয়াখালীকে একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে ঘোষণা করতে হবে।
আন্দোলনকারীরা বলেন, নোয়াখালীকে বিভাগ করা হলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি বৃহত্তর নোয়াখালীসহ আশপাশের এলাকার মানুষের নাগরিক সেবা পাওয়ার সুযোগ বাড়বে এবং প্রশাসনিক সেবা পেতে ভোগান্তিও কমবে।
অবরোধের কারণে শাহবাগ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে আশপাশের সড়কগুলোতেও। ফলে বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
পরে বিকেল সাড়ে ৫টার দিকে আন্দোলনকারীরা শাহবাগের অবস্থান ছেড়ে চলে গেলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









