কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একের পর এক সফটওয়্যারের নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করছে। এতে যেমন ডিজিটাল ব্যবস্থাকে আরও নিরাপদ করার সুযোগ তৈরি হচ্ছে, তেমনি হ্যাকারদের হাতে এসব ত্রুটি কাজে লাগানোর সময়ও কমে আসছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের আশঙ্কা, এর ফলে সামনে ইন্টারনেটভিত্তিক সেবা ও সরকারি ওয়েবসাইটে নতুন করে বিঘ্ন দেখা দিতে পারে।
বার্তা সংস্থা রয়টার্সকে কথা বলা সাতজন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞের মতে, এআইয়ের অগ্রগতির কারণে সফটওয়্যারের দুর্বলতা শনাক্তের গতি বেড়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ভালনচেকের প্রকাশিতব্য এক গবেষণায় দেখা গেছে, এক বছরে শনাক্ত হওয়া ডিজিটাল ত্রুটির সংখ্যা দ্বিগুণ হয়েছে।
ক্লাউডফ্লেয়ারের প্রধান নির্বাহী ম্যাথিউ প্রিন্সের আশঙ্কা, আগামী কয়েক বছর প্রতি সপ্তাহেই বড় ধরনের সাইবার নিরাপত্তা সংকট দেখা দিতে পারে। তাঁর ভাষায়, গুরুত্বপূর্ণ সফটওয়্যারে আরও অনেক গুরুতর দুর্বলতা রয়েছে, যেগুলো এখনো সামনে আসেনি।
এরই মধ্যে পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তা ত্রুটি ঘিরে ইউরোপসহ বিভিন্ন অঞ্চলের সরকারি ওয়েবসাইটে বিঘ্ন ঘটেছে। ঝুঁকি এড়াতে কিছু ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে, নোড.জেএস ও প্লেক্স সফটওয়্যারেও নিরাপত্তা ত্রুটির খবর এসেছে। এআইভিত্তিক সেবা ও সফটওয়্যার উন্নয়ন প্ল্যাটফর্মে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে।
আগে সফটওয়্যারের ত্রুটি খুঁজে বের করা এবং তা কাজে লাগানোর মতো পদ্ধতি তৈরি করতে দক্ষ বিশেষজ্ঞদের কয়েক সপ্তাহ বা মাস লেগে যেত। এতে নিরাপত্তা দলগুলোর ত্রুটি সারানোর সময় পাওয়া যেত। এখন এআই অল্প সময়েই বিপুল পরিমাণ কোড পরীক্ষা করে দুর্বলতা শনাক্ত করতে পারে। একই সঙ্গে এসব দুর্বলতা কাজে লাগানোর পদ্ধতিও দ্রুত তৈরি হতে পারে।

তবে বিশেষজ্ঞদের সবাই মনে করছেন না, বেশি ত্রুটি শনাক্ত হলেই সফল সাইবার হামলা বাড়বে। কিছু ত্রুটি কাজে লাগানো কঠিন, আর ত্রুটি প্রকাশ পাওয়ার অর্থ এই নয় যে অপরাধীরা তা ব্যবহার করতে পারবে।
তবু ঝুঁকি উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দ্রুত দুর্বলতা শনাক্ত করা, সফটওয়্যার হালনাগাদ করা এবং হামলাকারীদের আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া।
ক্লাউডফ্লেয়ারের প্রিন্সের মতে, এআইয়ের মাধ্যমে সামনে আরও অনেক ত্রুটি প্রকাশ পাবে। এতে সাময়িক অস্থিরতা বাড়তে পারে, তবে দীর্ঘমেয়াদে সফটওয়্যারের নিরাপত্তা দুর্বলতা দূর করার সুযোগও তৈরি হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









