ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইজারার নামে টেলিভিশন সাংবাদিকদের গাড়ি আটকে টাকা দাবি ও অসদাচরণের অভিযোগ উঠেছে যুবদল নেতা আসাদুজ্জামান বিপ্লবের বিরুদ্ধে। নিজেকে সংসদ সদস্যের ভাতিজা পরিচয় দিয়ে প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় পৌর ইজারা বাতিলের উদ্যোগ নিয়েছে প্রশাসন।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়কের আলীয়াবাদ মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সংবাদ সংগ্রহের কাজে কয়েকজন টেলিভিশন সাংবাদিক মাইক্রোবাসে করে নবীনগরের ধরাভাঙ্গা গ্রামে যাচ্ছিলেন। আলীয়াবাদ মোড়ে ইজারাদারের লোকজন গাড়িটি আটকে ইজারার টাকা দাবি করেন। সাংবাদিকরা গাড়িটি টোলমুক্ত বলে জানালেও তাঁদের কথা আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ। পরে ঘটনাস্থলে আসেন যুবদল নেতা আসাদুজ্জামান বিপ্লব। অভিযোগ রয়েছে, তিনি সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ, মারমুখী আচরণ ও ভয়ভীতি প্রদর্শন করেন। এ সময় তিনি নিজেকে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের ভাতিজা পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেন বলেও অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সংসদ সদস্য আব্দুল মান্নান জানান, তার কোনো ভাতিজা নেই। ঘটনার নিন্দা ও দুঃখ প্রকাশ করে তিনি বলেন, মিথ্যা পরিচয়ে অপকর্মকারীদের ছাড় দেওয়া হবে না। তিনি পৌর কর্তৃপক্ষকে অবিলম্বে ইজারা বাতিলের নির্দেশ দিয়েছেন।
পৌরসভার ইজারাদার জাবেদুল ইসলাম বলেন, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের জন্য বিপ্লবকে ভর্ৎসনা করা হয়েছে। ইউএনও ও সংসদ সদস্য ইতোমধ্যে ইজারা বাতিলের কথা জানিয়েছেন।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক রাকিবুল ইসলাম বলেন, সাংবাদিকদের গাড়ি থেকে ইজারার টাকা নেওয়ার সুযোগ নেই। ইজারাদারের লোকজনের এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় তিনি আন্তরিক দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি পৌর ইজারা বাতিলের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









