ময়মনসিংহের মুক্তাগাছায় পুলিশের বিশেষ অভিযানে মাদক, জুয়া ও বিভিন্ন মামলার পরোয়ানাসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় থানা-পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম।
পুলিশ জানায়, এসআই হাসিবুল হাসানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে ধীতুয়া এলাকায় সূর্যের খাদ্য মিলের সামনের পাকা রাস্তা থেকে ২০০ গ্রাম গাঁজাসহ রিপন মিয়া (৩৫), বাবলু মিয়া (৩০) ও শরীফ হোসেনকে (৪২) গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, এসআই মোহাম্মদ মিঠু মিয়ার নেতৃত্বে দাওগাঁও এলাকায় কাছেদের নির্মাণাধীন বসতঘরে জুয়া খেলার সময় নাসির উদ্দিন (৫০), আব্দুল মান্নান (৬০), আলম হোসেন (২৮), শামছুল হক (৩৫), সাইদুল ইসলাম (৩৪) ও মোশারফ হোসেনকে (৩৪) আটক করা হয়।
এ ছাড়া মুক্তাগাছা পৌরসভার মধ্যহিস্যা প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে পুলিশ আইনের ৩৪ ধারায় খাইরুল ইসলাম (৪৫) ও মোশারফ হোসেন (৩২) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত আরও চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি কামরুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









