কার্যনির্বাহী কমিটি (ইসি) ও নতুন সদস্যদের বরণ করে নিতে জাঁকজমকপূর্ণ এক মধ্যাহ্নভোজ ও পরিচিতি সভার আয়োজন করেছে বনানী উইমেন্স ক্লাব। গত ১২ সেপ্টেম্বর ২০২৬ ঢাকার অভিজাত সিক্স সিজনস হোটেলে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
ক্লাবের প্রেসিডেন্ট আকলিমা রহমান, সেক্রেটারি ফাহমিদা সিনহা পলাশ এবং নির্বাহী কমিটির সদস্য মিসেস নাজমা মাসুদসহ অন্যান্য ইসি সদস্যের সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনায় অনুষ্ঠানে ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে আরও বর্ণিল করে তোলেন প্রখ্যাত নাটক ও চলচ্চিত্র পরিচালক চয়নিকা চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতেই ইসি কমিটি ও নতুন সদস্যদের বরণ করে নেওয়ার পাশাপাশি পরস্পরের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করা হয়। এর মাধ্যমে ক্লাবের সদস্যদের মধ্যকার পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পরে ক্লাবের সদস্যদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীরের প্রাণবন্ত পরিবেশনা পুরো আয়োজনকে এক অন্য উচ্চতায় নিয়ে যায়।
অনুষ্ঠানে ক্লাবের নবনিযুক্ত যুগ্ম সম্পাদক নাজমা মাসুদ নারীদের আত্মনির্ভরশীলতা ও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, “আমরা বিশ্বাস করি, প্রতিটি নারীর মধ্যেই একজন উদ্যোক্তা লুকিয়ে আছেন। শুধু প্রয়োজন সঠিক দিকনির্দেশনা ও আন্তরিক প্রশিক্ষণের। সেলাই, হস্তশিল্প কিংবা ক্ষুদ্র ব্যবসার প্রশিক্ষণ দিয়ে সমাজের পিছিয়ে পড়া নারীদের পাশে আমরা প্রতিটি পদক্ষেপে থাকব।”
তিনি আরও যোগ করেন, “সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোই আমাদের অন্যতম বড় অঙ্গীকার। যে শিশুরা আজ অর্থাভাবে পড়াশোনা থেকে দূরে রয়েছে কিংবা যাদের শীত নিবারণের মতো পর্যাপ্ত শীতবস্ত্র নেই, তাদের পাশে দাঁড়াতে ক্লাব বদ্ধপরিকর।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









