পতনের পরও ফ্যাসিবাদী শক্তির তৎপরতা থেমে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার অভিযোগ, দেশের ভেতরে ও বাইরে থেকে পতিত ফ্যাসিস্টরা নানা ধরনের নাশকতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।
রবিবার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, ক্ষমতার পতন হলেও ফ্যাসিবাদী শক্তির গোপন তৎপরতা বন্ধ হয়নি। তারা অগ্নিসংযোগ ও বোমাবাজিসহ বিভিন্ন ধরনের নাশকতায় জড়িত। সড়ক, মহাসড়ক ও রেলপথে অরাজকতা সৃষ্টির চেষ্টা চালানো হচ্ছে দেশের ভেতর ও বাইরে থেকে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মালিকানাধীন গার্মেন্টস শিল্পেও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, দেশের স্বার্থ বিসর্জন দিয়ে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে তারা। তবে এ ধরনের অপচেষ্টা সফল হবে না।
পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দণ্ডের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, তার ইতোমধ্যে দণ্ড হয়েছে। তিনি কোনোভাবে দেশে ফিরে এলে সেই দণ্ড বহাল থাকবে।
এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটি নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি। রিজভী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যাশা করেন, ঢাকা উত্তর বিএনপি সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও গতিশীল হয়ে উঠবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








