স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদযন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়েছে। এ কারণে তার হৃদযন্ত্রে স্টেন্ট (রিং) বসানোর প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকরা।
রবিবার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে এনজিওপ্লাস্টির মাধ্যমে স্টেন্ট স্থাপনের প্রক্রিয়া শুরুর প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
পরিবারের এক সদস্য জানান, বুকে ব্যথা অনুভব করায় স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তার এনজিওগ্রাম করা হলে হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এরপর চিকিৎসকেরা এনজিওপ্লাস্টির মাধ্যমে ব্লকগুলোর চিকিৎসা ও স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেন।
স্বাস্থ্যমন্ত্রীর চিকিৎসার সার্বিক দায়িত্বে রয়েছেন হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান। তার নেতৃত্বেই মন্ত্রীর এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। বর্তমানে পরবর্তী চিকিৎসার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকরা।
এদিকে চিকিৎসার জন্য দেশের হাসপাতালকেই বেছে নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। পরিবারের এক সদস্যের ভাষ্য অনুযায়ী, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি নিজেই দেশে চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
এর আগে শনিবার সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হৃদ্রোগ বিশেষজ্ঞদের একটি দল তার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করেন।
হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, বুকে ব্যথার কারণে শনিবার সকালে মন্ত্রীকে হাসপাতালে আনা হয়েছিল। পরে অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে তার এনজিওগ্রাম করা হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার বিকেল ৪টার দিকে স্টেন্ট বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








