নাগরিক সেবার মানোন্নয়ন, পৌরসভার সেবার পরিধি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং পৌরকর আদায়ে উৎসাহিত করতে লক্ষ্মীপুরের রামগঞ্জে তিন দিনব্যাপী পৌর সেবা সপ্তাহ ও পৌরকর মেলা-২০২৬ শুরু হয়েছে।
রোববার সকাল ১০টায় রামগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাহাদাত হোসেন সেলিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পৌর সেবা সপ্তাহ ও পৌরকর মেলার মাধ্যমে নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়বে এবং পৌরসভার সেবার মান উন্নত হবে। পৌরকর পরিশোধে ১০ শতাংশ ছাড় দেওয়ার মাধ্যমে নাগরিকদের কর প্রদানে উৎসাহিত করা হচ্ছে।
একটি পরিচ্ছন্ন ও আধুনিক পৌরশহর গড়ে তুলতে ময়লা-আবর্জনা অপসারণে আধুনিক ডাম্পিং স্টেশন ও মিনি স্টেডিয়াম নির্মাণ, অটোরিকশা নিয়ন্ত্রণসহ পৌরসভার সেবার মান বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী আতিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ সিফাত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাকির হোসেন মোল্লা, পৌর বিএনপির সভাপতি শেখ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সতুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ ছাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম সরদার ও প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন হেলাল উপস্থিত ছিলেন। রামগঞ্জ পৌরসভার আয়োজনে এ মেলায় পৌরসভার বিভিন্ন নাগরিক সেবা, পৌরকর প্রদান ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হচ্ছে। আয়োজকদের আশা, এ উদ্যোগের মাধ্যমে নাগরিকরা পৌরসভার সেবা গ্রহণে আরও সচেতন হবেন এবং পৌরসভার উন্নয়ন কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়বে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








