ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ সময় প্রস্তুত রাখা হয়েছে জলকামানও।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ে পুলিশের উপস্থিতি ও জলকামান প্রস্তুত রাখার চিত্র দেখা যায়। পরে দুপুর ১২টার দিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থী মোড়ে অবস্থান নেন।
এর আগে সকাল ১১টার দিকে নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে ঢাকা কলেজে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে গিয়ে অবস্থান নেন তারা।
এ বিষয়ে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব বলেন, “সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।”
তিনি বলেন, “দুই কলেজের কর্তৃপক্ষের সঙ্গে পুলিশের কথা হয়েছে। শিক্ষার্থীরা বর্তমানে কলেজের ভেতরে রয়েছেন। বাইরে থেকে কেউ যাতে কাউকে ঢিল বা পাথর নিক্ষেপ করতে না পারে, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।”
ওসি আরও বলেন, “সায়েন্সল্যাব মোড়ে প্রায় ৬০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নিউ মার্কেট, কলাবাগান ও ধানমন্ডি—এই তিন থানা থেকে পুলিশ সদস্যদের আলাদা আলাদা স্থানে মোতায়েন করা হয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









