কুষ্টিয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি একনলা দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সকাল আনুমানিক ১০টা ২৫ মিনিটে রামকৃষ্ণপুর বিওপির আওতাধীন ‘মদনের ঘাট’ নামক এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির চৌকস টহল দল। ওই এলাকায় তল্লাশিকালে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।
উদ্ধারের সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্রের চোরাচালান ও অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বিজিবির এ ধরনের কঠোর অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









