শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এবার মাধ্যমিক ও সমমান পরীক্ষায় অকৃতকার্য হওয়া অনেক শিক্ষার্থী পরবর্তীতে পাস করেছে।অর্থাৎ, তাদের ফেল করানো হয়েছিল। খাতা দেখায় অবহেলার কারণে এমনটি হয়েছে বলে মনে করছেন তিনি।
মন্ত্রী বলেন, যারা পাস করার মতো যোগ্য শিক্ষার্থীদের ফেল করিয়েছেন, সেসব শিক্ষককে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এসব শিক্ষকের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। তাদের প্রশিক্ষণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিগগির এ বিষয়ে খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে।’
শিক্ষকদের বদলির বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এনটিআরসিএতেও অনলাইনে বদলির ব্যবস্থা করা হচ্ছে। তবে যেসব শিক্ষককে প্রতিস্থাপন করতে হবে এবং যারা সংযুক্তিতে রয়েছেন, সেসব বিষয়ও নিষ্পত্তি করতে হবে। বদলির ফাইল নিয়ে এনটিআরসিএ কাজ করছে। শিগগির এ প্রক্রিয়া শুরু করা যাবে।
৮১৭ জন প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র না পাওয়া নিয়ে এহছানুল হক মিলন বলেন, ‘আজ পর্যন্ত বাকি আছে ৮১৭ জন। পর্যায়ক্রমে যাচাই হচ্ছে, ঠিকানা আসছে। অপপ্রচার দেখে আমি একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছিলাম। যাদের হয়নি, সেগুলো আমরা পর্যবেক্ষণে রেখেছি এবং পর্যালোচনা করছি। ১ অক্টোবর পর্যন্ত এটা চলবে।’
যাচাই সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ের নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থী ছিল প্রায় ১০ লাখ ৬৯ হাজার জন। যথাযথভাবে নিয়োগ প্রক্রিয়া বজায় রাখার জন্য তারা কাজ শুরু করেছিলেন। তাদের কাছে ৩৩ হাজার ৮৫৪ জনের চূড়ান্ত আবেদন এসেছে। ডিপিও নিয়োগপত্র ইস্যু করে। সে সময় দেখা গেছে, তাদের যাচাই এবং অনেকের ঠিকানা পরিবর্তনের বিষয় রয়েছে। তারা পর্যায়ক্রমে এসব তথ্য দিচ্ছেন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ শিক্ষা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









