নরসিংদীর মাধবদীতে বন্ধ থাকা একটি রপ্তানিমুখী জুট মিলের মূল্যবান যন্ত্রপাতি, ইলেকট্রিক সাবস্টেশনসহ বিভিন্ন সরঞ্জাম অস্ত্রের মুখে খুলে নিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে মিলটির প্রায় ২১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্কাইল্যান্ড এন্ড ফ্যাম লিমিটেডের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।
বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
মহিউদ্দিন আহমেদ জানান, নরসিংদীর মাধবদী থানার শিলমান্দি ইউনিয়নের আহমেদনগরে অবস্থিত প্রতিষ্ঠানটি ১০০ শতাংশ রপ্তানিমুখী পাট ও পাটজাত পণ্য উৎপাদনকারী মিল। অগ্রণী ব্যাংক লিমিটেডের দিলকুশা শাখার অর্থায়নে প্রতিষ্ঠিত মিলটি ২০০৩ সালে উদ্বোধন করা হয়। আর্থিক সংকটে গত ছয় মাস ধরে উৎপাদন বন্ধ থাকলেও পুনরায় চালুর উদ্যোগ চলছিল। মিলটি চালু করা গেলে প্রায় এক হাজার মানুষের কর্মসংস্থান হতো বলেও দাবি করেন তিনি।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, গত ৫ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে স্থানীয় এক প্রভাবশালী পাট ব্যবসায়ী মো. আদিল মিয়া, তার দুই ছেলে আকাশ ও আশিক, মেয়ের জামাতা মো. লাজমিল হোসেন স্নেহ ও বড় ভাই মো. আদরসহ ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে মিলের প্রধান ফটকে তালা দেয়। তারা নিরাপত্তাকর্মীদের ভয়ভীতি দেখানোর পাশাপাশি দুই কর্মচারীকে অস্ত্রের মুখে একদিন আটকে রাখে বলেও অভিযোগ করা হয়।
পরে দিন-রাত ট্রাকে করে মিলের ইলেকট্রিক সাবস্টেশন, মূল্যবান মেশিনারি ও বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে বিক্রি করা হয়েছে বলে দাবি করেন চেয়ারম্যান। এসব যন্ত্রপাতির বর্তমান বাজারমূল্য প্রায় ২১ কোটি টাকা এবং ক্রয়মূল্য প্রায় ১০ কোটি টাকা বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
তিনি আরও জানান, ঘটনার আগে ৪ আগস্ট মাধবদী থানায় সশরীরে গিয়ে অভিযোগ করলেও তা আমলে নেওয়া হয়নি। পরে ৩ অক্টোবর অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বিষয়টি স্থানীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে জানানো হলে তিনি দুই স্থানীয় নেতাকে যন্ত্রপাতি বিক্রি বন্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেন। তাদের একজন মিল পরিদর্শন করলেও কার্যকর প্রতিকার পাওয়া যায়নি বলে দাবি করেন মহিউদ্দিন আহমেদ।
বর্তমানে একটি দল মিলের ভেতরে অবস্থান করে টিন, লোহা, অ্যাঙ্গেল, ইট-বালুসহ স্থাপনার বিভিন্ন অংশ খুলে বিক্রির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
মিলের সম্পদ রক্ষা, ঘটনার তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও ক্ষতিপূরণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন মহিউদ্দিন আহমেদ। একই সঙ্গে নরসিংদী-১ আসনের সংসদ সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপও দাবি করেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









