খাগড়াছড়ির দীঘিনালায় হাচিনসন পুর আল হেরা ইসলামিক একাডেমির ২৬ শিক্ষার্থীর পবিত্র কুরআনের সবক প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকালে কবাখালী ইউনিয়নের হাচিনসন পুর এলাকায় একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের কুরআনের সবক প্রদান করেন বেলছড়ি মাদ্রাসার পরিচালক মাওলানা মো. ইলিয়াস হোসেন। মাওলানা মহিউদ্দিন বিন সুরুজের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাওলানা ইদ্রিস।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা কেরাত, গজল ও হাদিস পাঠ করে। পাশাপাশি জানাজার নামাজের নিয়ম ও বিভিন্ন ধাপ নিয়ে বিশেষ প্রদর্শনী করে তারা। এতে উপস্থিত অতিথি ও অভিভাবকরা প্রশংসা করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ছাড়াও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. শামসু রানা, উপজেলা ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মো. জামালুল হাসান জামাল, সাধারণ সম্পাদক মাওলানা মো. রুহুল আমিন, হাচিনসন পুর ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নূরুল আবছার মুনাফ এবং দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামাল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে স্থানীয়দের সহযোগিতা এবং শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সড়ক সংস্কারের দাবি জানানো হয়।
যাতায়াতে দুর্ভোগ
অনুষ্ঠানে শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি একাডেমিতে যাতায়াতের দুর্ভোগের বিষয়টিও উঠে আসে। স্থানীয়রা জানান, একাডেমিতে যাওয়ার সড়কটি কাঁচা ও নাজুক। বৃষ্টি হলে রাস্তায় পানি জমে কাদার সৃষ্টি হয়। পাশের কয়েকটি পুকুরের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা আরও বাড়ে। এতে ছোট শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি পোহাতে হয়।
সাবেক ইউপি সদস্য নূরুল আবছার মুনাফ বলেন, বৃষ্টি হলে শিশুরা মাদ্রাসায় আসতে পারে না। পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।
মো. শামসু রানা বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ যাতায়াতের সমস্যার কথা জানিয়েছে। এলাকার উন্নয়নের পাশাপাশি এ সমস্যারও দ্রুত সমাধানের আশা করছি।
ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মো. জামালুল হাসান জামাল বলেন, ২৬ শিক্ষার্থী পবিত্র কুরআনের সবক নিয়েছে। বাড়ির পাশে এমন ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান থাকা এলাকার জন্য গর্বের বিষয়। সবার সহযোগিতায় প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে।
২০২২ সালে প্রতিষ্ঠিত আল হেরা ইসলামিক একাডেমিতে বর্তমানে শিশু শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পাঠদান চলছে। প্রতিষ্ঠানটিতে প্রায় ১৩০ জন শিক্ষার্থী রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









