আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল কুমার দাস, কুলাউড়া থানার ওসি জহিরুল ইসলাম মুন্নাসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, পারস্পরিক সৌহার্দ্য ও ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবার সহযোগিতায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে হবে। এ জন্য প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন কমিটি, রাজনৈতিক দল, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার সভাপতি ডা. অরুনাথ দে, আহ্বায়ক বিধান দেব, সাধারণ সম্পাদক অজয় দাস, পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব গৌরাঙ্গ দেবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









