ঢাকার কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে একজন নিহত হয়েছেন।
প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে কারখানাটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম আগুনে একজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটে কারখানাটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার সাত মিনিটের মধ্যে, দুপুর ১২টা ৩২ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে আগুন নিয়ন্ত্রণে কাজ করে পাঁচটি ইউনিট।
প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









