গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর বাউফলে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাকিল হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, গণঅধিকার পরিষদ সাধারণ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষায় রাজনীতি করে। কৃষক, শ্রমিকসহ সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের ন্যায্য অধিকার বাস্তবায়নই দলটির রাজনীতির অন্যতম লক্ষ্য।
বক্তারা আরও বলেন আগামী দিনে নুরুল হক নুরের নেতৃত্বে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা দেশের বিভিন্ন নির্বাচনী আসনে বিজয় অর্জন করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি স্থানী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









