মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নেত্রকোনার দুর্গাপুরে মতবিনিময় সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) উপজেলার বাকলজোড়া ইউনিয়নের নয়াপাড়া উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ আয়োজন করা হয়।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশনায় যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ। পরে প্রীতি ফুটবল ম্যাচে দুর্গাপুর থানা একাদশ ও সুমেশ্বরী একাদশ মুখোমুখি হয়। এক ঘণ্টার খেলায় উভয় দল একটি করে গোল করায় ম্যাচটি ড্র হয়।
আয়োজকেরা জানান, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলা, সামাজিক সম্প্রীতি এবং ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ আয়োজনের উদ্দেশ্য।
অনুষ্ঠানে আয়োজক কমিটির অন্যতম উদ্যোক্তা আমির উদ্দিন, দুর্গাপুর সাংবাদিক ফোরামের সভাপতি ওয়ালী হাসান কলি, দপ্তর সম্পাদক জুয়েল মিয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আসিফ খানসহ স্থানীয় ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








