বগুড়ার সারিয়াকান্দিতে মা ফাতেমা (রা.) মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন কমপ্লেক্সে নারী প্রশিক্ষণার্থীদের জন্য স্বাস্থ্য ক্যাম্প ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নারীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি সুস্বাস্থ্য ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ আয়োজন করা হয়।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে তিনি আবাসিক নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা ও বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন। তিনি বলেন, নারীদের দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি সুস্বাস্থ্য ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করাও জরুরি। নারীরা এগিয়ে গেলে পরিবার, সমাজ ও দেশ এগিয়ে যাবে।
মতবিনিময়কালে সংসদ সদস্য প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন এবং প্রশিক্ষণার্থীদের আসনসংখ্যা বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। এতে আরও বেশি নারী প্রশিক্ষণের সুযোগ পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গ্রামীণ নারীদের দক্ষতা উন্নয়ন ও স্বাবলম্বী করার লক্ষ্যে ২০০০ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। ২০০২ সালের ১ জুলাই তৎকালীন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী খুরশিদ জাহান হক প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। রাজনৈতিক পটপরিবর্তনের পরও নামের ধারাবাহিকতা বজায় রাখার পরিকল্পনা থেকে প্রতিষ্ঠানটির নাম রাখা হয় ‘মা ফাতেমা (রা.) মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন কমপ্লেক্স’।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুলতান ইবনে সাঈদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হিরা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টনসহ প্রশিক্ষণকেন্দ্রের সংশ্লিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামকে সম্মাননা স্মারক দেওয়া হয়।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








