আনন্দঘন পরিবেশে শেষ হয়েছে ড. গোলাম মহিউদ্দিন স্মৃতি সাংস্কৃতিক উৎসব। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর মহাখালী ওয়ারলেস গেট টিঅ্যান্ডটি (বিটিসিএল) আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে উৎসবে অংশ নেন আমন্ত্রিত অতিথি, শিক্ষক, বিচারক ও ছাত্র-ছাত্রীরা। সমাপনী আয়োজনে ১৯টি বিষয়ের প্রতিযোগিতায় বিজয়ী ৫৭ জন স্কুল-কলেজ শিক্ষার্থীর হাতে পুরস্কার ও শুভেচ্ছা স্মারক তুলে দেন বিশিষ্টজনেরা।
উৎসবে অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. সামসুজ্জামান, কেন্দ্রীয় খেলাঘর আসরের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. লেলিন চৌধুরী, উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, টিঅ্যান্ডটি (বিটিসিএল) আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম ছিদ্দিকী। তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি বা এ ধরনের ক্ষতিকর বিষয়ের প্রভাব থেকে মুক্ত রাখতে হলে সংস্কৃতিচর্চার কোনো বিকল্প নেই। তাই, এ ধরনের প্রতিযোগিতা বেশি বেশি করে আয়োজনেরও আহ্বান জানান অতিথিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উৎসব কমিটির সদস্য সচিব শান্তনু কুমার দাস।
১০ এপ্রিল বাড্ডা হাইস্কুলে উৎসবের সাংস্কৃতিক প্রতিযোগিতা পর্বের উদ্বোধন করেন উৎসব কমিটির আহ্বায়ক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এ এন রাশেদা। চিত্রাঙ্কন, আবৃত্তি, নৃত্য, সঙ্গীত, একক নাটক, উপস্থিত বক্তৃতা, নির্ধারিত বক্তৃতা ও রচনা লিখন প্রতিযোগিতায় অংশ নেয় ৪০টিরও বেশি স্কুল-কলেজের প্রায় ৮০০ জন ছাত্র-ছাত্রী।
মহান মুক্তিযুদ্ধের সংগঠক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অবিরত শিক্ষা অধিদপ্তরের পরিচালক বরেণ্য প্রকৌশলী ড. গোলাম মহিউদ্দিন দেশের আর্থ-সামাজিক উন্নয়নে আমৃত্যু অবদান রেখে গেছেন। প্রবন্ধকার ড. মহিউদ্দিন বিশ্বশান্তি পরিষদ ও আফ্রো এশীয় গণ-সংহতি পরিষদের সদস্য ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জাতীয় পরিষদের সদস্য ছিলেন। তিনি প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠীর ঢাকা মহানগর শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ সভাপতির দায়িত্বও পালন করেন। তার স্মরণে প্রতি বছর এই উৎসবের আয়োজন করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









