দেশজুড়ে হাম-রুবেলার প্রাদুর্ভাবে শিশুমৃত্যু বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর।
শুক্রবার (২৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ভাইরাসজনিত রোগটি ও এর উপসর্গে ২২০ জনেরও বেশি শিশুর মৃত্যুতে শোক প্রকাশ করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. মাখদুমা নার্গিস রত্না ও সাধারণ সম্পাদক প্রণয় সাহা। এছাড়া পানিতে ডুবে বাংলাদেশ ও যুদ্ধ-বিগ্রহে বিশ্বজুড়ে শিশুমৃত্যুর ঘটনারও প্রতিকার এবং শিশুদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ দাবি জানিয়েছেন তারা।
খেলাঘরের বিবৃতিতে বলা হয়েছে, দেশে হামের প্রাদুর্ভাব বিপজ্জনক চেহারা নিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা গেছে ২৪ হাজার ৭৭৬ জন শিশুর মধ্যে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ হাজার ১৭২ জন শিশু। তাদের মধ্যে তিন হাজার ৬১৭ শিশুর নিশ্চিত হাম শনাক্ত হয়। মোট আক্রান্ত শিশুর ১৮ শতাংশ শিশুই বরগুনা জেলার। অথচ, বিশ্বস্বাস্থ্য সংস্থার হিসাব ও তথ্য অনুসারে, বাংলাদেশে গত দেড় দশকে হামে আক্রান্ত শিশুর সংখ্যা ছিল খুবই নগণ্য। কি কারণে হামে আক্রান্ত হয়ে দুঃখজনকভাবে শিশু মৃত্যুর হার বেড়ে গেল, সেটিও খুঁজে বের করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে খেলাঘর।
বিবৃতিতে খেলাঘর জানায়, জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বেশ কিছুদিন ধরে হাম-রুবেলার টিকা কার্যক্রমের গাফিলতির ভয়াবহ পরিণাম রোগটির এই প্রকট প্রাদুর্ভাব। অন্তর্বর্তী সরকারের সময়ে টিকা কেনা নিয়ে নানা জটিলতার কথা শোনা যাচ্ছে। টিকা দেওয়ার অভাবে এতগুলো শিশু প্রাণ হারালো। যারা দায়ী সঠিকভাবে অনুসন্ধান করে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানায় শিশু সংগঠনটি।
দেশে অসংখ্য শিশু পুষ্টিহীনতার শিকার। এই পুষ্টিহীন শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। পর্যাপ্ত হামের টিকা দেওয়া ও শিশুদের পুষ্টির ব্যবস্থায় সঠিক পরিকল্পনা করে দেশের সব শিশুদের সুরক্ষা দেওয়ার দাবি জানায় খেলাঘর।
পত্রিকায় প্রকাশিত খবর অনুসারে, এ বছর উল্লেখযোগ্য সংখ্যক শিশু পানিতে ডুবে মারা গেছে। এ বিষয়ে অভিভাবকদের সব শিশুর সুরক্ষা দিতে সচেতন ও সচেষ্ট হবারও আহবান জানাচ্ছে খেলাঘর। সব শিশুই দেশের সম্পদ। সুতরাং, যেকোনো শিশুই আমাদের সবার- এই মনোভাবে বলীয়ান হয়ে এ বিষয়ে রাষ্ট্রীয়, সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত ও সম্মিলিত উদ্যোগ-পদক্ষেপ চায় খেলাঘর।
খেলাঘরের সংগঠকরা বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানে ১৬৫ জনেরও বেশি শিশুকে হত্যাসহ যুদ্ধ-বিগ্রহে অসংখ্য শিশুর মৃত্যু সংবাদেও আমরা উদ্বিগ্ন। হাজার হাজার শিশু উদ্বাস্তু হয়ে মানবেতর জীবন-যাপন করছে। ‘যুদ্ধ নয় শান্তি চাই’ শ্লোগানে খেলাঘর বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের দাবি জানাচ্ছে। মারণাস্ত্র তৈরি না করে সে অর্থ দিয়ে বিশ্বে মানসম্মত বিদ্যালয় এবং হাসপাতাল স্থাপনেও সংশ্লিষ্ট সবাইকে আহবান জানাচ্ছে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









