দেশি বাদ্যযন্ত্রের আরও একটি প্রশিক্ষণ কর্মশালা করেছে বাংলাদেশ মিউজিশিয়ান্স ফাউন্ডেশন (বিএমএফ)। এবারের যন্ত্রসঙ্গীত কর্মশালায় দোতরা, বেঞ্জো ও উকুলেলের প্রশিক্ষণ দেন প্রবীণ যন্ত্রসংগীত শিল্পী ও প্রশিক্ষক অনুপম বিশ্বাস।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারে বিএমএফের কার্যালয়ে দিনভর কর্মশালায় দেশি সংস্কৃতির মূর্তপ্রতীক বাদ্যযন্ত্রগুলোর প্রশিক্ষণ নেন দেশের বিভিন্ন জেলার তরুণ ও উদীয়মান যন্ত্রসংগীত শিল্পীরা।
একুশে পদকপ্রাপ্ত যন্ত্রসংগীত শিল্পী ও সংগঠনটির সভাপতি গাজী আব্দুল হাকিমের সভাপতিত্বে কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
বিএমএফের সহ সভাপতি আজমির বাবু ও সাধারণ সম্পাদক সাহাবুল ইসলাম বাবুর সঞ্চালনায় কর্মশালায় ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য সুমন রেজা খান, সহ সাধারণ সম্পাদক শেখ ফয়েজ পুলক, সমাজকল্যাণ সম্পাদক আশিস কুমার দাস, অর্থ সম্পাদক সুশান্ত কুমার ঘোষ রতন, তথ্য ও প্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী সদস্য সুমন চন্দ্র দাস প্রমুখ। জাতীয় সংগীতে শুরু কর্মশালায় শুভেচ্ছা বার্তা দেন বিএমএফের সাংগঠনিক সম্পাদক ও কর্মশালার সমন্বয়ক পল্লব সান্যাল।
প্রশিক্ষক অনুপম বিশ্বাসসহ অতিথিরা কর্মশালায় বাঙালি সংস্কৃতির সুস্থ চর্চা এবং দেশি বাদ্যযন্ত্রের সুষ্ঠু ব্যবহার ও মান উন্নয়নে আলোকপাত করে বলেন, এসব বাদ্যযন্ত্র দেশি সংস্কৃতিকে সচল রাখতে মুখ্য সহায়ক। তারুণ্যের সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে কলুষিত হওয়া থেকে রক্ষা করে।
সংগঠকরা জানান, সমাজের সর্বস্তরের যন্ত্রশিল্পীদের বিশেষ কল্যাণে ধারাবাহিকভাবে বিভিন্ন বাদ্যযন্ত্রের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে আসছে বিএমএফ এবং ভবিষ্যতেও এই উদ্যোগ চলমান থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









