গাজীপুরের শ্রীপুর উপজেলার ব্যস্ততম মাওনা চৌরাস্তা এলাকায় দীর্ঘদিন ধরে মহাসড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা কয়েক শতাধিক ভাসমান দোকানপাট উচ্ছেদ, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং তীব্র যানজট নিরসনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাওনা হাইওয়ে থানা কমিউনিটি পুলিশের উদ্যোগে স্থানীয় মার্কেট মালিক ও ব্যবসায়ীদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ড. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। তিনি বলেন, “মাওনা চৌরাস্তা গাজীপুরের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। কিন্তু অবৈধভাবে ফুটপাত ও মহাসড়ক দখল করে ব্যবসা পরিচালনার কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনগণের স্বার্থে ফুটপাত ও সড়ক দ্রুত হকারমুক্ত করতে হবে।”
তিনি আরও বলেন, “যানজট নিরসন এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী, মার্কেট মালিক ও সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। সবাই সম্মিলিতভাবে কাজ করলে মাওনা চৌরাস্তার শৃঙ্খলা দ্রুত ফিরিয়ে আনা সম্ভব হবে।”
শ্রীপুর পৌরসভার সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞা।
মাওনা হাইওয়ে থানা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রধানের সঞ্চালনায় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন— শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির আহমদ, মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান এবং গাজীপুর জেলা পুলিশের টিআই হামিদুজ্জামান।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মাওনা চৌরাস্তার মহাসড়ক ও ফুটপাত অবৈধ দখলে থাকায় কৃত্রিম যানজট সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া মাওনা চৌরাস্তাকে পরিচ্ছন্ন রাখতে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ফেলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে যানজট নিরসনে প্রশাসনের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও মার্কেট মালিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন বক্তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









