জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমি সেবা পৌঁছে দিতে সারাদেশে শুরু হয়েছে “ভূমি সেবা সপ্তাহ”। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে একযোগে উদ্বোধন হওয়া এ কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর দশমিনা উপজেলা ভূমি অফিসের আয়োজনে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ভূমি মেলা।স্মার্ট ভূমি সেবা, আধুনিক নাগরিক অধিকার প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলায় ভূমি সেবা ডিজিটালাইজেশন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মঙ্গলবার ১৯ মে সকার ১০ টার দিকে সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা। এ সময় অনলাইনে যুক্ত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হিটলারুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, ফায়ার সার্ভিস কর্মকর্তা, আইসিটি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, গণঅধিকার পরিষদ ও বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ অনুষ্ঠানে অংশ নেন।
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মিলন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ, গণঅধিকার পরিষদ ঢাকা দক্ষিণের সহ-সভাপতি মিজানুর রহমান হাওলাদার, যুবদল নেতা মোহাম্মদ জুয়েল আমিন, বাংলাবাজার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ।
বক্তব্যে ইউএনও মাহমুদ হাসান মৃধা বলেন, সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন এবং সহজেই ভূমি সেবা পান, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।” তিনি সরকারের ডিজিটালাইজেশন কার্যক্রমের প্রশংসা করে বলেন, আগে ভূমি অফিসে সেবা নিতে গিয়ে মানুষকে নানা ভোগান্তি পোহাতে হতো। বর্তমানে অনলাইনভিত্তিক বিভিন্ন সেবার কারণে সেই ভোগান্তি অনেকাংশে কমে এসেছে। তিনি শতভাগ স্বচ্ছ ভূমি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তারা ভূমি বিভাগের আধুনিকায়ন, ডিজিটাল সেবা এবং এর সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। মেলায় আগত সাধারণ মানুষকে জানানো হয়, এখান থেকেই সরাসরি নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, পর্চা বা খতিয়ানের আবেদনসহ বিভিন্ন ডিজিটাল সেবা ও পরামর্শ তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সপ্তাহব্যাপী এ মেলা স্থানীয় জনগণের মধ্যে ভূমি সেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং দালালচক্রের দৌরাত্ম্য কমাতে কার্যকর ভূমিকা রাখবে।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলা শেষ হওয়ার পরও নাগরিকরা ঘরে বসেই ১৬১২২ নম্বরে কল করে অথবা মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ করতে পারবেন। এ সেবাগুলোকে আরও সহজ ও শক্তিশালী করতেই আয়োজন করা হয়েছে,ভূমি সেবা সপ্তাহ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









