গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাশাইর বাজারে লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও মৎস্য খাদ্য বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার (১৯ মে) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর ১৬ ধারা লঙ্ঘনের দায়ে ২০ ধারা অনুযায়ী দুটি পৃথক মামলায় এই অর্থদণ্ড প্রদান করা হয়।
আদালত সূত্রে জানা যায়, সাহেদ মেডিকেল হলের মালিক সানি ভূঁইয়াকে (৩০) ৩ হাজার টাকা এবং ইলমা পোল্ট্রি ফিডের মালিক আশরাফুল ইসলামকে (৪৩) ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের বিরুদ্ধে বৈধ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগ প্রমাণিত হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান এবং বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুল ইসলাম।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ভোক্তা স্বার্থ রক্ষা এবং নিরাপদ পশুখাদ্য বাজারজাত নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









