নাটোরের গুরুদাসপুরে চলতি বোরো মৌসুমে সরকারি ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বুধবার (২০ মে) সকাল ১০টায় উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা ওসি এলএসডি আমিনুল ইসলাম।
খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে গুরুদাসপুর উপজেলায় ২ হাজার ৬০১ মেট্রিক টন চাল এবং ৫৪০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি চাল ৪৯ টাকা এবং প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভাপতি ওমর আলী শেখ, পিআইও আমিনুর রশীদ এবং চালকল মালিক সমিতির সভাপতি মো. ইসমাইল হোসেন মাস্টার।
বক্তারা বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি ধান-চাল সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে। স্বচ্ছতা ও নিয়ম মেনে সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করা হবে বলেও তারা জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









