কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসল করতে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২০ মে) দুপুরে কুষ্টিয়া শহর সংলগ্ন হরিপুর সংযোগ সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- হরিপুর গ্রামের ইফতি তাইফ ও সাকিব। তারা দুজনই চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষা শেষে দুপুরের দিকে কয়েকজন বন্ধু মিলে গড়াই নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে ইফতি তাইফ ও সাকিব নদীর গভীর অংশে চলে গেলে পানিতে তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে থাকা অন্যরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার তৎপরতা চালায়।
খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক ডা. ইকবাল হাসান জানান, বিকেল চারটার দিকে দুই কিশোরকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয়।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন বলেন, “খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। তবে তারা পৌঁছানোর আগেই স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।”
প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে খুব বেশি স্রোত বা পানি না থাকলেও অসাবধানতাবশত তারা ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









