ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২০ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাঘাডাঙ্গা বিওপি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
একই দিন রাত ১১টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঘাডাঙ্গা বিওপির একটি চৌকস টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টাকালে ১১ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৫ জন নারী, ২ জন পুরুষ এবং ৪ জন শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানা গেছে।
বিজিবি আরও জানিয়েছে, আটককৃত বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে মামলা দায়েরের পর রাতেই তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









