বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের আকস্মিক ক্লাস নিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন।
বৃহস্পতিবার (২১ মে) বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজে পরিদর্শনের পাশাপাশি তিনি দশম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা ২য় পত্রের 'নিমগাছ' গল্পটি পরম মমতায় ও সহজ সাবলীল ভাষায় ব্ল্যাকবোর্ডে বুঝিয়ে চমৎকারভাবে ব্যতিক্রমী পাঠদান করেন। একজন প্রশাসনিক কর্মকর্তার কাছ থেকে সরাসরি এভাবে ক্লাস পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
ইউএনও মুহ. সাদ্দাম হোসেন বলেন, "শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করতে এবং তাদের ভেতরের জড়তা দূর করতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমাদের এই ধরণের তদারকি ও প্রচেষ্টা অব্যাহত থাকবে।"
বেতাগী প্রেস ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মো. আবুল বাসার খান বলেন " শিক্ষার্থীদের পাঠদানে ইউএনও মহোদয় সরাসরি অংশগ্রহন করায় শিক্ষক ও শিক্ষার্থীরা উৎসাহিত হবে।
বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মো. শামীম সিকদার বলেন, প্রশাসনিক ব্যস্ততার মাঝেও সময় বের করে শিক্ষার্থীদের মাঝে গিয়ে এভাবে পরম মমতায় ক্লাস নেওয়া একজন আদর্শ ও দূরদর্শী কর্মকর্তার পরিচয় বহন করে।
দশম শ্রেণির শিক্ষার্থী রাইসা বলে, হঠাৎ করে ইউএনও স্যার আমাদের ক্লাসে এসে, এত সহজ ও সুন্দরভাবে আমাদের বাংলা বইয়ের 'নিমগাছ' গল্পটি বুঝিয়ে পড়িয়েছেন যে, আমাদের সব ভয় আর জড়তা কেটে গেছে। একজন এত বড় প্রশাসনিক কর্মকর্তা হয়েও স্যারের এই ক্লাস আমাদের পড়াশোনায় জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।"
এ সময়ে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসাইনসহ শিক্ষক মণ্ডলী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









