সিলেটের ওসমানীনগরের ব্রাহ্মণগ্রাম এলাকায় গত ২২ আগস্ট ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মো. শুভ আহমদ (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রবিবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত শুভ আহমদ ওসমানীনগর উপজেলার শংকরপাশা পশ্চিমগ্রাম এলাকার বাসিন্দা জালাল মিয়ার একমাত্র ছেলে।
২২ আগস্ট বেলা আনুমানিক আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় তেলবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন আরও তিনজন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী পদ্মা কোম্পানির একটি তেলবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ঢ-৪৪-০৬৫৪) ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশার (মৌলভীবাজার-থ-১১-৮৩৫৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং শুভ আহমদসহ আরও তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দীর্ঘ ৯ দিন চিকিৎসাধীন থাকার পর রবিবার দুপুরে শুভ আহমদের মৃত্যু হয়। তার মৃত্যুর মধ্য দিয়ে মর্মান্তিক ওই সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছিলেন, মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন এবং আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









