দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৫১৬ শিশুর শরীরে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে মারা গেছে চার শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৮৬৮ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৯৬৭ শিশু।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬৫ শিশু হামে আক্রান্ত হয়েছে। হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১ হাজার ১৫১। একই সময়ে ১ হাজার ৯০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ১ হাজার ২৮ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২৯। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ২১৮ জনের।
এই সময়ে মোট ১ লাখ ৩৭ হাজার ৩৪৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৩২ হাজার ২৯২ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









