ভোলার মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি মো. সাইদুর রহমানকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২৯ আগস্ট) রাতে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইদুর রহমান মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের মোহাম্মদ ইউনুছের ছেলে।
রবিবার দুপুরে র্যাব-৮ ভোলা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বি. এম. তানজীমুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, গত ২৫ জুন মনপুরার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন এলাকায় এক গৃহবধূকে (২৭) তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে সাইদুর রহমানের বিরুদ্ধে। ঘটনার পর ভুক্তভোগী নারী মনপুরা থানায় মামলা করতে গেলে প্রথমে মামলা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে। পরে তিনি ভোলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ করেন। আদালতের নির্দেশে গত ৬ জুলাই মনপুরা থানায় ধর্ষণের অভিযোগে সাইদুর রহমান ও মাইনুর বেগম নামে এক নারীকে আসামি করে মামলা দায়ের করা হয়।
ভুক্তভোগী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, কাজের কথা বলে মাইনুর বেগম ওই গৃহবধূকে তার ঘরে ডেকে নেন। একপর্যায়ে মাইনুর বেগম ঘর থেকে বের হয়ে গেলে সাইদুর রহমান সেখানে প্রবেশ করেন। এ সময় তিনি ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীর ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে সাইদুরকে আটক করলেও পরে বিষয়টি মীমাংসার কথা বলে তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
মামলা দায়েরের পর থেকেই সাইদুর রহমান পলাতক ছিলেন। ভুক্তভোগীর অভিযোগ, পলাতক অবস্থায় বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তাকে ও তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছিল। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন।
র্যাব-৮ ভোলা ক্যাম্প জানায়, ঘটনার পর থেকেই গোয়েন্দা নজরদারির পাশাপাশি ছায়া তদন্ত চালানো হয়। একপর্যায়ে সাইদুরের অবস্থান শনাক্ত করে শনিবার দিবাগত রাতে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে অভিযান চালানো হয়। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৮ ভোলা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বি. এম. তানজীমুল ইসলাম বলেন, ঘটনার পর থেকেই র্যাব বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত ও গোয়েন্দা নজরদারির আওতায় রাখে। এরই ধারাবাহিকতায় বোরহানউদ্দিন থেকে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, নারী ও শিশুর ওপর যেকোনো ধরনের নির্যাতন ও অপরাধের বিরুদ্ধে র্যাব কঠোর অবস্থানে রয়েছে। গ্রেপ্তার সাইদুর রহমানকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









