পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নিবন্ধিত জেলেদের মাঝে বিশেষ খাদ্য সহায়তা বিতরণ করেছে উপজেলা প্রশাসন। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জেলেদের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগের অংশ হিসেবে বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মৎস্য বিভাগের সহযোগিতায় “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (২য় সংশোধিত) প্রকল্প”-এর আওতায় এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। তেঁতুলিয়া নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশ সংরক্ষণ কার্যক্রম জোরদার এবং প্রান্তিক জেলেদের সহায়তা দিতেই ২০২৫-২০২৬ অর্থবছরে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, বিতরণকৃত খাদ্য সহায়তার প্রতিটি প্যাকেজে ছিল ১২ কেজি আটা, ১০ লিটার ভোজ্যতেল, ৪ কেজি চিনি, ৪ কেজি লবণ, ১৬ কেজি আলু এবং ৮ কেজি মসুর ডাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম মজুমদার। এ সময় তিনি বলেন, "ইলিশ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। এ সম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধি করতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। জেলেদের সাময়িক কষ্ট লাঘব এবং অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা কার্যকর করতেই এই খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।" তিনি জেলেদের সরকারি নির্দেশনা মেনে ইলিশ সংরক্ষণে আন্তরিক সহযোগিতা করার আহ্বান জানান।
এদিকে বর্তমান বাজারদরের ঊর্ধ্বগতির সময়ে এই বিশেষ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় জেলে পরিবারগুলো। তারা জানান, এই খাদ্য সহায়তা তাদের সংসারের জন্য অনেক বড় স্বস্তি নিয়ে এসেছে। সরকারি নিষেধাজ্ঞা মেনে ইলিশ সংরক্ষণ কার্যক্রমে অংশ নিতে এ ধরনের সহায়তা তাদের আরও বেশি উৎসাহ জোগাবে।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপজেলা মৎস্য বিভাগসহ প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









