‘নারীর স্বাস্থ্য অধিকার নিশ্চিত করি, প্রসবজনিত ফিস্টুলা নির্মূলে টেকসই বিনিয়োগ করি’—এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২১ মে) দুপুরে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এবং ইউএনএফপিএ বাংলাদেশ ও সিআইপিআরবি-এর কারিগরি সহায়তায় তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সিভিল সার্জনের প্রতিনিধি ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. আব্দুল হাই শেখ।
সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন তাড়াশ হাসপাতালের আরএমও ডা. ইমরান রসুল সায়েম, ডা. মোস্তফা কামাল, ৪৮তম বিসিএস-এর চিকিৎসক ডা. নাঈম হোসেন এবং সিরাজগঞ্জ জেলা সিআইপিআরবি সমন্বয়কারী শরিফুল ইসলাম শরিফ। এছাড়া হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রসবজনিত ফিস্টুলা নারীদের জন্য একটি অত্যন্ত কষ্টদায়ক স্বাস্থ্য সমস্যা। সঠিক সময়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রসূতি মায়ের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মাধ্যমে এই রোগ নির্মূল করা সম্ভব। ফিস্টুলা নির্মূলে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও টেকসই বিনিয়োগের ওপর তারা গুরুত্বারোপ করেন। সভা শেষে একটি সচেতনতামূলক র্যালি হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









